সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধা—এই চার জেলাসহ মোট পাঁচটি জেলা নিয়ে খুব শীঘ্রই বগুড়া বিভাগ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৫ জুলাই) রাতে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ইঙ্গিতপূর্ণ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী চার জেলার সংসদ সদস্যরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এসে সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলাকে সঙ্গে নিয়ে বগুড়াকে একটি নতুন বিভাগ হিসেবে গড়ে তোলার ব্যাপারে নিজেদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। ফলে এই বিভাগ গঠন করতে গিয়ে প্রধানমন্ত্রীকে এখন আর খুব একটা কষ্ট করতে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বগুড়ার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও মানসম্মত নগর সেবাসহ জেলার সামগ্রিক অগ্রগতির লক্ষে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং একটি সুনির্দিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে জেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নে তিন হাজার কোটি টাকা এবং জেলার ১২টি পৌরসভার জন্য দুই হাজার কোটি টাকার নতুন উন্নয়ন প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ সময় বর্ষাকালে জনসাধারণের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে রাস্তাঘাট মেরামত ও সংস্কারের জন্য অন্যান্য আসনের সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার অনুকূলে ১০ কোটি টাকা করে আলাদা প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার বিশেষ অনুরোধ জানান তিনি।
সভায় বগুড়ার দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও উন্নয়নমূলক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—৩০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজার ৮০০ শয্যায় উন্নীতকরণ, সারিয়াকান্দি বাঁধ সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন, শেরপুর, বনানী ও মাটিডালী এলাকায় ফ্লাইওভার নির্মাণ এবং নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর করা।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ, বগুড়া অঞ্চলের বিভিন্ন সংসদ সদস্যবৃন্দ—কাজী রফিকুল ইসলাম (বগুড়া-১), আবদুল মুহিত তালুকদার (বগুড়া-৩), মোশারফ হোসেন (বগুড়া-৪), গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), রেজাউল করিম বাদশা (বগুড়া-৬), মোরশেদ মিলটন (বগুড়া-৭), সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসাইনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।