রায়পুরে মা-মেয়েকন্যা হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া সিফাতের দায়িত্ব নিল জেলা জামায়াত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১২:১১ পিএম

ছবি: প্রজন্ম ২৪

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া একমাত্র শিশু সিফাতের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লক্ষ্মীপুর জেলা শাখা। এখন থেকে সিফাতের পড়াশোনা, চিকিৎসা ও জীবনযাত্রার সব খরচ সংগঠনটির পক্ষ থেকে বহন করা হবে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি (লাইভ) যুক্ত হয়ে এই মানবিক সিদ্ধান্তের কথা জানান লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

লাইভ বক্তব্যে জেলা আমির বলেন, “রায়পুরের এই বর্বরোচিত ও মর্মান্তিক হত্যাকাণ্ডে পুরো লক্ষ্মীপুর জেলা স্তব্ধ ও শোকাহত। মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা সিফাতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। পরিবারটির একমাত্র জীবিত সদস্য হিসেবে সিফাতের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যতের প্রয়োজনীয় সব দেখভালের জন্য সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, সম্প্রতি রায়পুরে নিজ ঘরে মা ও তার তিন কন্যাসন্তানকে নৃশংসভাবে জবাই করে হত্যা করে এক দুর্বৃত্ত। এই পৈশাচিক ঘটনার পর স্থানীয় জনতা সন্দেহভাজন হত্যাকারীকে ধরে গণপিটুনি দেয়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নৃশংস এই চার খুনের ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি ও চাঞ্চল্য বিরাজ করছে। পুরো বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে গভীর তদন্ত শুরু করেছে।

তাসনিম হোসেন