লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও তিন কন্যাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত রহস্য উদঘাটনপূর্বক দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় একটি ভাড়া বাসায় প্রবেশ করে মা শাহীনুর বেগম এবং তাঁর তিন নিষ্পাপ কন্যা—ছায়মা আক্তার, ইকরা বেগম ও সিপা আক্তারকে যেভাবে পাশবিক কায়দায় হত্যা করা হয়েছে, তা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে। এমন নৃশংস ও বর্বর হত্যাকাণ্ড সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “নিষ্পাপ নারী ও শিশুদের ওপর এমন বর্বরোচিত হামলা মানবিক মূল্যবোধের ওপর এক জঘন্য আঘাত। দেশের মানুষ আজ গভীর বেদনা ও ক্ষোভে মুহ্যমান।” বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাঁদের ‘শহীদি মর্যাদা’ দানের দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “আমি এই ভয়াবহ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে সাধারণ মানুষের জান-মাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনকে আরো কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।”
এদিকে, একই বিবৃতিতে দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই বোন ও তাঁদের ভাবির মর্মান্তিক মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।