‘নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না’: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০৩:১১ পিএম

ছবি: সংগৃহীত

'নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না' মন্তব্য করে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো অধরাই রয়ে গেছে। বুধবার (১ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে ঢাকার রায়েরবাজারে আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

নাহিদ ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলো এখনো কাঙ্ক্ষিত ন্যায়বিচার পায়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত মাত্র দুইটি মামলার রায় ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। বিচারকাজে চরম ধীরগতি দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি অবিলম্বে সরকার ও ট্রাইবুনালকে জুলাই আন্দোলন সংক্রান্ত সব মামলার বিচার দ্রুত শেষ করার তাগিদ দেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান তিনি।

৩৬ দিনের কর্মসূচি ও জুলাই জাদুঘর খোলার আলটিমেটাম

আজ ১ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী 'জুলাই' বিপ্লবকে কেন্দ্র করে ৩৬ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। কর্মসূচির প্রথম দিনে রায়েরবাজারে শহীদদের কবরস্থানগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের তাগিদ দেন দলটির নেতারা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের প্রকৃত বীর যোদ্ধাদের রাষ্ট্রীয় পুনর্বাসন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার করতে হবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিয়ে বলেন, "আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাতীয় জাদুঘর’ সাধারণ মানুষের জন্য খুলে দিতে হবে। সরকার যদি তা না করে, তবে দেশের জনগণই রাজপথে নেমে সেই জাদুঘর খুলে দেবে। সরকারকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা জুলাইয়ের চেতনার পক্ষে।"

ইনুর সাজা নিয়ে অসন্তোষ ও আপিলের ইঙ্গিত

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া আদালতের কারাদণ্ডের রায় নিয়েও কথা বলেন এনসিপি আহ্বায়ক। তিনি স্পষ্ট জানান, হাসানুল হক ইনুকে মাত্র ১০ বছরের কারাদণ্ড দেওয়া কোনোভাবেই যথেষ্ট নয়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে তিনি জোরালো আশাবাদ ব্যক্ত করেন। কবর জিয়ারতের সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাসনিম হোসেন