গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে টঙ্গী পূর্ব থানার খাজা বাবা জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মো. শামীম (১৩) ও মো. আফনান (১৪)। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল এবং পরিবারের সঙ্গে বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকত।
পুলিশ জানায়, সকালে তিন বন্ধু স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে নামার পর স্রোতের টানে তারা তলিয়ে যেতে থাকে। তাদের মধ্যে শিপন নামে আরেকজন সাঁতরে তীরে উঠতে পারলেও শামীম ও আফনান নিখোঁজ হয়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী নৌ পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।