ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন মেঘমল্লার বসু

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

নতুন রাজনৈতিক মঞ্চের সঙ্গে যুক্ত হওয়ার পর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহসভাপতি মাঈন আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করেছে সংগঠন। একই কারণে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন রাজনৈতিক মঞ্চে সম্পৃক্ত হওয়ার পর মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ স্বেচ্ছায় তাদের পদ থেকে সরে দাঁড়ান। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, একই সময়ে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতভেদ ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এর ফলে উভয় সংগঠনের কার্যক্রম এবং জবাবদিহিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

সংগঠন জানায়, তাদের পদত্যাগের কারণ এবং বর্তমান রাজনৈতিক অবস্থান বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই ধরনের সাংগঠনিক পরিস্থিতির কারণে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদর্শ, নীতি ও সাংগঠনিক স্বচ্ছতা অটুট রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়নের সাংগঠনিক বিধান অনুযায়ী, একই সময়ে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন সংগঠনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তাসনিম হোসেন