গণভোটের রায় বাস্তবায়ন না করলে ৫ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না সরকার: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

ছবি: সংগৃহীত

সরকার যদি জুলাই বিপ্লবের সংস্কার পরিকল্পনা ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, তবে আগামী পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সিলেটে এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকেই এখন সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কি পাঁচ বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি জনগণের রায়কে অবজ্ঞা করার কারণে শেখ হাসিনাসহ পৃথিবীর অন্যান্য জায়গার শাসকদের মতো করুণ পরিণতি ভোগ করতে চান।

ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তরুণদের চলমান প্রতিবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বজুড়ে তরুণদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া মূলত জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা। বাংলাদেশের ছাত্র-জনতা ও জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে তিনি ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদের সাধুবাদ জানান। নতুন সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে বলে আশা করা হলেও ক্ষমতায় এসেই তারা উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। ৭০ শতাংশ জনগণ গণভোটে সংস্কার ও জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার সেই রায়কে অবজ্ঞা করছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি ও রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের অন্যতম প্রধান দল বিএনপি নিজেদের দলের ভেতর কোনো সংস্কার আনেনি এবং রাষ্ট্রীয় সংস্কারের ন্যূনতম ঐকমত্যও মেনে নেয়নি। যদি তারা এই পথে হাঁটে, জুলাই বিপ্লব ও ১৪০০ মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তবে তার পরিণতি তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে।’ দেশের মানুষ কেবল সংবিধানের সামান্য সংশোধন নয়, বরং মৌলিক কাঠামোর আমূল সংস্কারের জন্যই জীবন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অতীতে ৩১ দফার কথা বলে এখন সংস্কারের বিষয়টি ভুলে গেছে।

বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি ও প্রশাসনিক কার্যক্রমের সমালোচনা করে তিনি জানান, রাজধানীতে গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ ও এলপিজির দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দারুণ চাপে রয়েছে। পাশাপাশি বাজেটের মাধ্যমে মধ্যবিত্তের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে। সংস্কার না করার কারণে সরকার আন্তর্জাতিক সহযোগিতা থেকেও বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন তিনি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পুনর্গঠন ও সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে বর্তমান কমিশনারদের পদত্যাগ করা উচিত।

সমাবেশের শেষ পর্যায়ে সিলেটবাসীকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকে আর সমর্থন দেওয়া সম্ভব হবে না। সিলেটবাসী যেভাবে জুলাই বিপ্লবে রক্ত দিয়ে গণতন্ত্র ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন, আবারও সংস্কার ও গণরায়ের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।’ দেশের সার্বভৌমত্ব, সংস্কার এবং সুশাসনের পক্ষে ১১ দলীয় ঐক্য সর্বদা অবিচল ও ঐক্যবদ্ধ থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তাসনিম হোসেন