শিবচরে জুলাই হত্যা মামলার আসামিদের সাথে পুলিশের মতবিনিময় সভা- ক্ষুব্ধ এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১২:১৪ এএম

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর বাজারে জুলাই-আগস্টের ছাত্র হত্যা মামলার আসামিদের উপস্থিতিতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। সভায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে কুতুবপুর বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, সভায় জুলাই-আগস্টের ছাত্র হত্যা মামলার কয়েকজন আসামি উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, সভায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কুতুবপুর ইউনিয়ন শাখার সদস্য আজাহার হাওলাদার উপস্থিত ছিলেন। তিনি গাড়ি পোড়ানো ও জুলাই ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন বলে জানা গেছে। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামাদ মাদবরসহ আরও কয়েকজন নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

সভায় শিবচর থানার তদন্ত কর্মকর্তা রাকিবুল হাসান, উপপরিদর্শক রিয়াজুর রহমান, ফরহাদ লস্করসহ পুলিশের কয়েকজন সদস্য অংশ নেন।

কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাকাউল বিল্লাহ বকুল জমাদ্দার বলেন, ছাত্র হত্যা মামলার আসামিদের নিয়ে এমন একটি মতবিনিময় সভা করা হয়েছে, অথচ স্থানীয় নেতাদের বিষয়টি জানানো হয়নি। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি আজিজুল মোড়ল বলেন, গুরুতর অভিযোগ থাকা ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একই সভায় দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, মতবিনিময় সভায় ছাত্র হত্যা মামলার আসামিদের উপস্থিতির বিষয়টি দুঃখজনক। তিনি জানান, সভায় অংশ নেওয়া কর্মকর্তারা নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত উপপরিদর্শক রিয়াজুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি।

 
 

তাসনিম হোসেন