ভয় দেখিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ, রায়গঞ্জে অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:১৮ পিএম

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হানিফ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত হানিফ শেখ কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের নিকটবর্তী একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর আগেও সে একাধিকবার শিশুটিকে ধর্ষণ করেছে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি এতোদিন মুখ খোলেনি।

সম্প্রতি শিশুটির আচরণে পরিবর্তন ও শারীরিক অসুস্থতা দেখে তার মা বিষয়টি জানতে চাইলে শিশুটি সব খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা কৌশলে অভিযুক্ত হানিফকে বিদ্যালয়ের পাশে ডেকে এনে অফিস কক্ষে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার সকালেই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তাসনিম হোসেন