পটিয়ায় নিখোঁজ পাঁচ বছরের শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০১:৪৮ পিএম

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের দুই দিন পর মো. জায়হান (৫) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খীল এলাকায় শিশুটির নিজ বাড়ির পাশের একটি ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জায়হান স্থানীয় গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র ছেলে এবং একটি নূরানী মাদ্রাসার ছাত্র ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ির সামনে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। ওই দিনই পরিবারের সদস্যরা একটি হাতে লেখা চিঠি পান, যেখানে শিশুটিকে অপহরণের কথা উল্লেখ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু করা হয় এবং চিঠিটি জব্দ করা হয়। পরে আজ ভোরে বাড়ির পেছনের ময়লার ভাগাড় থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, টাকার জন্যই প্রতিবেশীরা পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে। পরে ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে দাবি তাদের।

পটিয়া থানা-পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচ প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নৃশংস এই ঘটনার পর পুরো এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তাসনিম হোসেন