২৪ ঘণ্টায় হামে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:০৬ পিএম

দেশজুড়ে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে রোগটি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭২ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে।

একই সময়ে পরীক্ষার মাধ্যমে নতুন ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে গত তিন মাসে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা বেড়ে ১০ হাজার ৩৮৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়ে ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬৭ হাজার ৮৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আর গত তিন মাসে এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জনে, যাদের অধিকাংশই শিশু।

অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে গত এক দিনে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা এবং অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তাসনিম হোসেন