বিএসএফের পুশ ইন চেষ্টায় সহযোগিতার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৩:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ ইন প্রচেষ্টায় সহযোগিতার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিজিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় পুশ ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে সাতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে স্থানীয় কয়েকজনের সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, এ প্রচেষ্টার পেছনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা ছিল। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই চেষ্টা প্রতিহত করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে পুশ ইন কার্যক্রমে সহযোগিতার অভিযোগে আটক সাতজনকে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। সোমবার রাতেই তাদের থানায় নেওয়া হয় এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে গত ১৩ জুন একই সীমান্ত এলাকা দিয়ে আরও কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। তবে সে সময়ও বিজিবির কড়াকড়ির মুখে ওই প্রচেষ্টা সফল হয়নি।

সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও পুশ ইন ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

তাসনিম হোসেন