আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০২:৪০ পিএম

শরীয়তপুরে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে আওয়ামী লীগের এক নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে গয়াতলা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিক্ষোভের বিষয়টি সামনে আসে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজনকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

আসাদুজ্জামান লিটন মুন্সি বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। বিএনপির নেতাকর্মীদের একটি অংশ কেন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মিছিল করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আবদুস সালাম বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও দেখেছেন। তবে ঘটনাটির বিস্তারিত বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

অন্যদিকে, পালং মডেল থানার তদন্ত শাখার কর্মকর্তা মো. আবীর হোসেন জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার বিনোদপুর এলাকার নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান লিটন মুন্সিকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা ও মিছিলের পেছনের কারণ নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

তাসনিম হোসেন