গল্প বা রূপকথা নয়, বাস্তবেই ৩ হাজার কেজি ওজনের এক দানবীয় জলহস্তী আস্ত গিলে ফেলার পরও অলৌকিকভাবে জীবিত ফিরে এসেছে দুই বছরের এক দুধের শিশু। উগান্ডার পশ্চিমাঞ্চলে এডওয়ার্ড হ্রদের তীরে ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনাটি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
জানা গেছে, উগান্ডার এডওয়ার্ড হ্রদের তীরবর্তী এলাকায় পল ইগা নামে দুই বছরের এক শিশু নিজের বাড়ির উঠানে খেলা করছিল। এমন সময় হঠাৎ হ্রদের পানি থেকে একটি বিশাল আকৃতির জলহস্তী উঠে আসে এবং চোখের পলকে শিশুটিকে গিলে ফেলে। চোখের সামনে এমন নৃশংস দৃশ্য দেখে উপস্থিত প্রতিবেশীদের রক্ত হিম হয়ে গেলেও তিন হাজার কেজি ওজনের এই বন্য প্রাণীর সামনে যাওয়ার সাহস পাচ্ছিলেন না কেউ।
যখন শিশুটির বেঁচে থাকার সব আশা শেষ মনে হচ্ছিল, ঠিক তখনই দেবদূতের মতো এগিয়ে আসেন ক্রিসপাস বাগনজা নামে স্থানীয় এক যুবক। তিনি নিজের জীবন বাজি রেখে শিশুটিকে বাঁচাতে জলহস্তীটির দিকে তেড়ে যান এবং আশেপাশে পড়ে থাকা বড় বড় পাথরখণ্ড দিয়ে জলহস্তীটিকে লক্ষ্য করে একের পর এক তীব্র আঘাত করতে থাকেন।
পাথরের্যুপরি আঘাতে অবস্থা বেগতিক দেখে এবং প্রচণ্ড ব্যথায় জলহস্তীটি তার পেটের ভেতর থাকা শিশুটিকে মুখ দিয়ে বাইরে উগরে ফেলে দেয়। এরপর সেটি ঝড়ের গতিতে পুনরায় হ্রদের পানির দিকে পালিয়ে যায়। পরবর্তীতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিশু পল ইগাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় শেষ পর্যন্ত মৃত্যুর দুয়ার থেকে অলৌকিকভাবে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসে শিশুটি।