হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচল সংক্রান্ত বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি বৈঠকে বসছে। আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই আলোচনা হওয়ার কথা রয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান পারস্পরিক হামলা বন্ধ এবং ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান বন্ধের বিষয়ে একমত হয়েছে। এর ফলে হরমুজ প্রণালি ঘিরে আলোচনার নতুন সুযোগ তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগে নির্ধারিত পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে হরমুজ প্রণালির বিরোধ নিষ্পত্তিকে।
দুই দেশের মধ্যে উত্তেজনার পেছনে শুধু প্রণালি ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতার একটি অনুচ্ছেদের ব্যাখ্যাগত মতভেদই নয়, বরং সমুদ্রে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর কথা ছিল, তা কার্যকর না হওয়াও একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।
সব মিলিয়ে দোহায় হতে যাওয়া এই বৈঠককে হরমুজ প্রণালির উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।