রাতে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১২:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে পাওনা টাকা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার রাত পৌনে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. খাদিম মিয়া (৫৫) উপজেলার ধরন্তী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বিলে মাছ ধরার পাটি কেনার পাওনা টাকা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধও এ ঘটনার অন্যতম কারণ বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যকান্দি গ্রামের জুরুল মিয়া মেম্বারের ছেলে মোশাররফের পক্ষ এবং ধরন্তী গ্রামের খাদিম মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধের জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় খাদিম মিয়াকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

তাসনিম হোসেন