কসবায় ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০২:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও দুজন আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইল উপজেলার বৈশামোড়া এলাকার মাসুক মিয়া (১৮) এবং একই উপজেলার ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে একটি ইটভাটা থেকে ইটবোঝাই ট্রাকটি চারগাছ এলাকার দিকে যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায় এবং ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

কসবা থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও তার সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

তাসনিম হোসেন