মিরপুরে হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা জহির গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নেতার নাম জহির, যিনি মিরপুরের দারুস সালাম থানা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মিরপুর এলাকায় ছাত্র হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও জহির দীর্ঘদিন ধরে এলাকাতেই অবস্থান করছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ঢাকা-১৪ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের ভাই মফিজুল ইসলাম বেবুর হাত ধরে জহিরের রাজনৈতিক উত্থান ঘটে। এরপর থেকে এলাকায় তিনি ব্যাপক প্রভাবশালী হয়ে ওঠেন।

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক মিছিল-মিটিং ও কর্মকাণ্ডে জহিরের বিরুদ্ধে সরাসরি অর্থায়নের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। এমনকি সর্বশেষ দলটির একটি ঝটিকা মিছিলে তাকে সম্মুখ থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এই ধরনের নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতা ও উস্কানি দেওয়ার অপরাধে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত জহিরের বিরুদ্ধে বিগত সরকারের সময়কার প্রভাব খাটানো ও সহিংসতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়াসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

তাসনিম হোসেন