জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে একটি কক্ষের বারান্দায় কালিমা খচিত সাদা-কালো পতাকা টানানোর ঘটনায় চার আবাসিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হল প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হলের ওয়ার্ডেন ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মীর ফেরদৌস হোসেনের স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট চার শিক্ষার্থীকে কারণ দর্শাতে বলা হয়। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মণ্ডল এবং অধ্যাপক ড. সাহাদাত হোসেন।
শোকজপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত (শামীম), লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের রাকিব, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের গিয়াসউদ্দিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৫৫তম ব্যাচের সাদ আব্দুর রহমান। তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৩০২ নম্বর কক্ষের সঙ্গে সংশ্লিষ্ট। তবে প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ আব্দুর রহমান এখনো ওই কক্ষে ওঠেননি বলে জানা গেছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৭ জুন হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় একটি সাদা-কালো পতাকা টানানো হয়। পরে এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে হল প্রশাসন।
শোকজ পাওয়া শিক্ষার্থীদের দাবি, কক্ষের একজন বাসিন্দা ধর্মীয় অনুভূতি থেকে পতাকাটি টানিয়েছিলেন। বিষয়টি নিয়ে এত আলোচনা সৃষ্টি হবে, তা তারা ধারণা করেননি। পরে একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পৃষ্ঠায় পতাকার ছবি প্রকাশিত হলে সেটি খুলে ফেলা হয়।
হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, পতাকাটি টানানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। দেশের বিভিন্ন স্থানে একই ধরনের পতাকা নিয়ে আলোচনা চলায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।