নীলফামারীর ডোমার উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাক ও ব্যাটারিচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক মা ও তার দুই কন্যাসন্তানসহ চারজন নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার নদীয়া পাড়া সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা হাবিব জানান, ব্যাটারিচালিত একটি থ্রি-হুইলারে (স্থানীয় নাম মিথিলা) চড়ে একই পরিবারের বেশ কয়েকজন সদস্য একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে গাড়িটি পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়া পাড়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে যাত্রীবাহী থ্রি-হুইলারটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারী এবং তার দুই কন্যাসন্তানসহ মোট চারজন আরোহী প্রাণ হারান। এ সময় থ্রি-হুইলারে থাকা আরও কয়েকজন যাত্রী গুরুতর জখম হন। ঘটনার আকস্মিকতায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।