সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে অসাবধানতাবশত রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটের বর্ধনগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা উল্লাপাড়া উপজেলার বর্ধনগাছা গ্রামের বাসিন্দা শামসুল মোল্লার ছেলে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে রুবেল যখন রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তার কানে হেডফোন গোঁজা ছিল এবং তিনি মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার একটি ফুটবল ম্যাচ দেখছিলেন। খেলায় পুরোপুরি মগ্ন থাকায় এবং কানে হেডফোন থাকার কারণে পেছন থেকে আসা ট্রেনের হর্ন বা কোনো শব্দই তিনি টের পাননি।
ঠিক ওই সময়েই রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি বর্ধনগাছা এলাকা অতিক্রম করছিল। লাইনে মানুষ দেখে ট্রেনটি সংকেত দিলেও রুবেল তা শুনতে না পাওয়ায় ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নিহতের দাদা সানেয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখপ্রকাশ করেন। তিনি জানান, রুবেল সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। সে সময় তার কানে হেডফোন গোঁজা ছিল এবং মোবাইলে আর্জেন্টিনার ম্যাচ দেখায় সে ব্যস্ত ছিল। চোখের পলকে ট্রেনটি এসে তাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের একটি দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।