প্রধানমন্ত্রী হিসেবে আজ প্রথমবার বরিশালে যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরের শুরুতেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের তীরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। সেখানে বিএনপি এবং দলটির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বরিশাল সফর। তাঁর এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তাসনিম হোসেন