নেতা কর্মীদের চাপে অর্থমন্ত্রীর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভেঙে পড়ল মঞ্চ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে থাকা অবস্থায় অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় মন্ত্রীসহ মঞ্চে উপস্থিত সবাই অক্ষত রয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী পৌঁছানোর আগেই মঞ্চে বিপুলসংখ্যক নেতা-কর্মী উঠে পড়েন। শৃঙ্খলা বজায় রাখতে মাইকে একাধিকবার অতিরিক্ত মানুষকে মঞ্চ থেকে নেমে যাওয়ার আহ্বান জানানো হলেও তা উপেক্ষিত হয়।

পরে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আরও নেতা-কর্মী উঠে পড়লে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মঞ্চটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কেউ গুরুতর আহত হননি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, পুরো মঞ্চ ধসে পড়েনি; কয়েকটি টেবিলের পায়া বসে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অর্থমন্ত্রী একই মঞ্চে দাঁড়িয়ে কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ মঞ্চে ওঠায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, বারবার সতর্ক করা হলেও অতিরিক্ত ভিড়ের কারণেই মঞ্চটি ভেঙে পড়ে। তবে কেউ হতাহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

 
 
 

তাসনিম হোসেন