নরসিংদীর শিবপুর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাফিজ ও স্বাধীন। তারা স্থানীয় আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবারের এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দুই শিক্ষার্থী। পথে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী (ঘটনার সময় খালি) পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সংঘর্ষের পর দুই শিক্ষার্থী মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, নিহত দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।