জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

শনিবার (১৮ জুলাই) ভোর রাতে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। সংশ্লিষ্টদের দাবি, ওই ব্যক্তি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের পাশে পোড়া কাপড় ও ছাই পড়ে থাকলেও মূল কাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

 
 
 

তাসনিম হোসেন