দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৮০ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গে ৬৮৫ শিশু এবং নিশ্চিত হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি মৌসুমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৪ জনে। একই সময়ে আরও ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১৬ হাজার ১১ জন।
এ ছাড়া, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬০০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫ হাজার ৩১ জন।