বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র বা ‘এডুকেশনাল হাব’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা যেন বাংলাদেশে পড়তে আসে, সেই লক্ষ্যেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তোলা হচ্ছে।
বাংলাদেশকে আন্তর্জাতিক মানের ‘এডুকেশনাল হাব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা যেন বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসে, সে লক্ষ্যেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত করা হচ্ছে।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। দেশের অসংখ্য শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে কৃতিত্বের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করছে এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিস্টিংশন অর্জনের মাধ্যমে দেশের সুনাম বাড়াচ্ছে।
তিনি বলেন, “যুক্তরাজ্য যদি শিক্ষা খাত থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করতে পারে, তাহলে বাংলাদেশ কেন ১০০ বিলিয়ন ডলারের সম্ভাবনা তৈরি করতে পারবে না? আমাদের সবচেয়ে বড় সম্পদই হলো মেধাবী তরুণ প্রজন্ম।”
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক তাকে ‘পরীক্ষা মিলন’ বলে সম্বোধন করেছেন। এ বিষয়ে তিনি বলেন, “আমার নাম যদি ‘পরীক্ষা মিলন’ও হয়, তাতে সমস্যা কোথায়?”
তিনি আরও বলেন, পিএইচডি ডিগ্রিও মূল্যায়ন ও পরীক্ষার মাধ্যমেই অর্জন করতে হয়। আধুনিক শিক্ষাব্যবস্থায় প্রজেক্টভিত্তিক মূল্যায়ন চালু হলেও মূল্যায়ন বা পরীক্ষার প্রয়োজনীয়তা কখনোই শেষ হয়ে যায়নি।
এবারের এইচএসসি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ট্রলের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং তার বক্তব্য নিয়ে যাঁরা ট্রল করেছেন, তাঁদের কেউই পরীক্ষার্থী নন। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্যও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।