১০ জেলার ওপর ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।

বৈরী আবহাওয়ার সম্ভাবনার কথা বিবেচনায় রেখে উল্লিখিত এলাকার সব নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাসনিম হোসেন