চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২ জন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ঢাকাগামী ‘রয়েল পরিবহণ’-এর একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২২ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রয়েল পরিবহণের একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হার্ড ব্রেক করেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। মুহূর্তে বাসের ভেতর থাকা প্রায় সব যাত্রী আঘাতপ্রাপ্ত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা, মাদারীপুর, শরীয়তপুর, কুষ্টিয়া ও গোপালগঞ্জের ২২ জন নাগরিক—ছামিউল (৪০), মো. রাজিব (৩০), হাফিজুর রহমান (৫৭), আব্দুস সালাম (২০), আরিফ খান (৬০), আব্দুল কুদ্দুস (৫৫), মো. জনি (৪০), মোছা. বুলবুলী (৩৫), ফারজানা খাতুন (১৮), খাদিজা আক্তার (১৩), আসাদুল হক (৫০), ফজর আলী (৫০), চুয়াডাঙ্গা পিটিআই কর্মকর্তা আরিফুল আজম (৪৫), মোছা. পঞ্চমী বেগম (৬০), সালাম (৬৫), মিজানুর (৫০), মোহাম্মদ শাহিন (২০), রাশিদা খাতুন (৫০), মো. রুবেল (৪০), মোছা. জাহানারা (৬০), মো. সুমন (৩২) এবং মেহেদী হাসান (৪০)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময় জানান, "আহতদের প্র প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মাথার আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ গুরুতর হওয়ায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।"

তাসনিম হোসেন