জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য, শিক্ষা ও সংসদীয় সম্পর্ক জোরদারসহ ভবিষ্যৎমুখী দ্বিপাক্ষিক নানাবিধ বিষয়ে আলোচনা হয়েছে।
ইতিবাচক ধারায় দ্বিপাক্ষিক সম্পর্ক
বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর বিনিময় হয়েছে। পাশাপাশি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফর করে দেশটির শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষা খাতে বড় স্কলারশিপ ও 'নলেজ করিডোর'
ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্য বৈঠকে তুলে ধরে হাইকমিশনার জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে ৫০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। এর মধ্যে ৭৪ জন শিক্ষার্থী ইতোমধ্যে পাকিস্তানে তাদের শিক্ষা গ্রহণ শুরু করেছেন। এছাড়া দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময় বাড়াতে ‘নলেজ করিডোর’ প্রকল্প আরও শক্তিশালী করার বিষয়েও বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করে।
সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাব ও ধন্যবাদ জ্ঞাপন
সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক জোরদারের লক্ষ্যে একটি বিশেষ 'সংসদীয় গ্রুপ' গঠনের প্রস্তাব দেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এদিকে বৈঠকে আলোচনার এক পর্যায়ে, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তিতে পাকিস্তানের ইতিবাচক ভূমিকার জন্য হাইকমিশনারের মাধ্যমে দেশটির সরকারকে বিশেষ ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তান হাইকমিশনারের রাজনৈতিক পরামর্শক কামরান ধাঙ্গাল, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।