অনিশ্চয়তার বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১২:৪৫ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি সমঝোতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা কাটেনি। চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে ধোঁয়াশা থাকায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে, যেখানে স্বর্ণ ও রুপার দাম কিছুটা বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৯ মিনিটে তাৎক্ষণিক বাজারে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৪৭ ডলারে পৌঁছায়। একই সময়ে ভবিষ্যৎ চুক্তিভিত্তিক বাজারে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৪ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি সমঝোতা নিয়ে বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন। ফলে বড় ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করছেন। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা বেড়েছে।

গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে মূল্যস্ফীতির আশঙ্কা এবং সুদের হার সংক্রান্ত উদ্বেগের কারণে বাজারে চাপ তৈরি হয়েছিল। যদিও মূল্যস্ফীতির ঝুঁকির সময় স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, তবুও উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের চাহিদাকে প্রভাবিত করে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতার সময়সূচি প্রকাশের পর বাজারে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা যায়। ইতালির একটি শীর্ষ ব্যাংকের অর্থনীতিবিদ ড্যানিয়েলা করসিনির মতে, ২০২৬ সালের শেষভাগ থেকে ২০২৭ সালের শুরুতে স্বর্ণ ও রুপার দামে নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে। তার পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে প্রতি আউন্স স্বর্ণের গড় মূল্য প্রায় ৪ হাজার ডলারে নেমে আসতে পারে। অন্যদিকে রুপার দাম প্রতি আউন্স প্রায় ৬০ ডলারের কাছাকাছি স্থিতিশীল থাকতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যেও দামের ওঠানামা লক্ষ্য করা গেছে। রুপার দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭০ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৮২ দশমিক ২৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ১ হাজার ৩৪৯ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম বর্তমানে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তাসনিম হোসেন