রোমে একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০১:৪০ পিএম

ইতালির রাজধানী রোমে একটি আবাসিক বাসা থেকে একই পরিবারের তিন বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত প্রায় ৯টার দিকে রোমের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিওতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতরা হলেন এক দম্পতি ও তাদের নাবালিকা কন্যা। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত আরেক সদস্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পরিবারটি বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাদের আদি নিবাস নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। পুলিশ জানিয়েছে, পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া যায়নি।

রোম পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে সব দিক মাথায় রেখে তদন্ত চলছে।

 

তাসনিম হোসেন