নজরুলের সাহিত্য-দর্শন মানুষের কাছে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম এ ভূখণ্ডে না হলেও তাঁর হৃদয়ের বড় একটি অংশজুড়ে ছিল বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নজরুলের সাহিত্য, চিন্তা ও আদর্শকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এ কাজ শুধু সরকারি দপ্তরের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সব স্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে নজরুলের সম্পর্ক ছিল গভীর ও আত্মিক। ১৯১৪ সালে কিশোর বয়সে তিনি প্রথম ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। কবির স্মৃতিবিজড়িত সেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা সরকার যাচাই করছে বলেও জানান তিনি।

এ সময় ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, কাজী নজরুল ইসলাম বিদ্রোহ, প্রেম, তারুণ্য ও মানবতার কবি। অন্যায়, শোষণ, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে তাঁর লেখা মানুষকে সাহস জুগিয়েছে। প্রেম, প্রকৃতি, ধর্মীয় মূল্যবোধ ও শ্যামাসংগীত—সব ক্ষেত্রেই নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন বলে তিনি মন্তব্য করেন।

 

তাসনিম হোসেন