গরু জবাই নিষেধাজ্ঞার রায়ের বিরুদ্ধে থালাপতি বিজয়ের সরকার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

ভারতের তামিলনাড়ুতে গরু ও বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ উচ্চ আদালতের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আবেদন করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, উচ্চ আদালতের নির্দেশ রাজ্যের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক।

বুধবার (১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনোমিক টাইমস

সর্বোচ্চ আদালতে দাখিল করা আবেদনে তামিলনাড়ু সরকার বলেছে, মাদ্রাজ উচ্চ আদালতের রায় ১৯৫৮ সালের রাজ্যের পশু সংরক্ষণ আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ওই আইনে নির্দিষ্ট শর্ত পূরণ হলে ১০ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজননক্ষমতা হারানো গরু বা বাছুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জবাইয়ের সুযোগ রয়েছে।

গত ২৭ মে মাদ্রাজ উচ্চ আদালত ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ কার্যকর করে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করেন। আদালত বলেন, উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির স্বার্থে ওই সরকারি আদেশ বাস্তবায়ন করতে হবে।

তবে রাজ্য সরকারের দাবি, আদালতের এই নির্দেশ বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে আইনসভার ক্ষমতার ক্ষেত্রেও হস্তক্ষেপ করা হয়েছে। সরকারের অভিযোগ, আদালত তার এখতিয়ারের সীমা অতিক্রম করেছে।

রায়ে আরও বলা হয়েছিল, পশু জবাই শুধুমাত্র অনুমোদিত কসাইখানায় করা যাবে। পাশাপাশি ঈদুল আজহাসহ বছরের যেকোনো সময়ে গরু ও বাছুর জবাই ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিব ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।

তামিলনাড়ু সরকারের মতে, এসব নির্দেশনার কারণে আইনি অসঙ্গতি সৃষ্টি হয়েছে। তাই বিষয়টি সর্বোচ্চ আদালতের বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, প্রকাশ্যে অবৈধভাবে গরু জবাই বন্ধের দাবিতে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ইন্দু মাক্কাল কাচ্চির এক নেতার করা আবেদনের পরিপ্রেক্ষিতে মাদ্রাজ উচ্চ আদালত এ আদেশ দিয়েছিলেন।

তাসনিম হোসেন