চট্টগ্রামে আজ থেকে আবার শুরু হলো এইচএসসি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১২:১০ পিএম

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন বন্ধ থাকার পর সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষাও নেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় আজ ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং তাজভিদ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটিতে মানবসম্পদ ব্যবস্থাপনা-১ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

বন্যা-পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি বৃত্তিমূলক এবং বাণিজ্য বিষয়ে ডিপ্লোমার অবশিষ্ট পরীক্ষাও স্থগিত করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ২৩ জুলাই ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হবে। তবে স্থগিতাদেশের আগে যেসব পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর জন্য পরে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

 
 
 

তাসনিম হোসেন