দেশপ্রেম সবুজের বার্তা নিয়ে মৌলভীবাজারে হলদে পাখি বর্ণাঢ্য আয়োজন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম

শৃঙ্খলা, দেশপ্রেম আর সবুজের বার্তা নিয়ে মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত হলো হলদে পাখি কার্নিভাল–২০২৬। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলার উদ্যোগে আজ সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন হয়।

কার্নিভালের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল।

উদ্বোধনী পর্ব শেষে তিনি কার্নিভালে অংশ নেওয়া হলদে পাখিদের বিভিন্ন ঝাঁক পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষুদে গাইডদের ব্যাজ পরিয়ে দিয়ে উৎসাহ দেন।


পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধান অতিথি একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সেবার মানসিকতা গড়ে তোলা জরুরি। গার্ল গাইডস্ সেই কাজটি করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, গাইডার, অভিভাবক এবং বিপুলসংখ্যক হলদে পাখি।

দিনব্যাপী আয়োজনে ছিল, দলীয় কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন, নেতৃত্ব ও শৃঙ্খলা বিষয়ক প্রদর্শনী,পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক স্টল,
দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনা।

পুরো অডিটোরিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। হলুদ পোশাক পরা ক্ষুদে হলদে পাখিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল পুরো আয়োজন।

আয়োজকরা জানান, শিশুদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং সেবামূলক মানসিকতা বিকাশে এ ধরনের কার্নিভাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের প্রাণবন্ত পরিবেশই তার প্রমাণ।

হলদে পাখিরা আগামীর নাগরিক। তাদের মধ্যে আজ যে দেশপ্রেম, শৃঙ্খলা ও পরিবেশ সচেতনতার বীজ বপন হলো, তা-ই আগামী দিনে মৌলভীবাজারকে আরও সুন্দর ও মানবিক করে তুলবে।

তাসনিম হোসেন