শুধুমাত্র ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম

গত ১৩ জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের যেসব পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এজন্য শিক্ষার্থীদের পুনরায় নিবন্ধন করতে হবে। তবে আগে যারা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট জানান, পুনর্পরীক্ষার সুযোগ কেবল সেদিনের অনুপস্থিত শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। কোনো পরীক্ষার্থী পরীক্ষা খারাপ হওয়ার অজুহাতে দ্বিতীয়বার অংশ নিতে পারবেন না। সেদিনের প্রশ্নে যে ত্রুটি ছিল, সেটির জন্য উপস্থিত সকল শিক্ষার্থীকে সমপরিমাণ নম্বর (গ্রেস মার্কস) দিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, ১৩ জুলাই চট্টগ্রামের পাঁচটি জেলা ব্যতীত দেশের বাকি ৫৯টি জেলায় তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন হাজারো শিক্ষার্থী ও অভিভাবক। এর প্রতিবাদে পরদিনই (১৪ জুলাই) শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। রাজপথে শিক্ষার্থীদের তীব্র দাবির মুখে সরকার শেষ পর্যন্ত বিতর্কিত ওই তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেয়।

তাসনিম হোসেন