আজ বিশ্ব গাধা দিবস!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মে ২০২৬, ০৫:০২ পিএম

আজ বিশ্ব গাধা দিবস। মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজ, কৃষি ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অবহেলা ও নির্যাতনের শিকার এই প্রাণীটির গুরুত্ব তুলে ধরতেই দিবসটি পালন করা হয় বিশ্বজুড়ে।

প্রতিবছর ৮ মে বিশ্ব গাধা দিবস পালন করা হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো গাধার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়ানো।

বিশ্বের বিভিন্ন দেশে এখনো গাধা গ্রামীণ অর্থনীতি ও পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে দুর্গম এলাকায় মালামাল বহন, কৃষিকাজ ও যাতায়াতে এই প্রাণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ সময় অতিরিক্ত পরিশ্রম, অযত্ন এবং নির্যাতনের কারণে অনেক গাধা অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে।

প্রাণী অধিকারকর্মীরা বলছেন, গাধাকে প্রায়ই অবমূল্যায়ন করা হয় এবং নেতিবাচক অর্থে প্রাণীটির নাম ব্যবহার করা হয়। অথচ এই প্রাণী অত্যন্ত সহনশীল, পরিশ্রমী ও মানুষের উপকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিশ্ব গাধা দিবস উপলক্ষে বিভিন্ন দেশে সচেতনতামূলক কর্মসূচি, প্রাণী কল্যাণ প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আয়োজন করা হচ্ছে। প্রাণীপ্রেমীরা গাধার প্রতি সহানুভূতিশীল আচরণ এবং তাদের যথাযথ যত্ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তাসনিম হোসেন