আবারও আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, শিশু-নারীসহ নিহত ১৩

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০১:৫৯ পিএম

আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের নতুন বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। খোস্ত, কুনার ও পাক্তিকা প্রদেশে চালানো এই হামলায় শিশু ও নারীর মৃত্যুর অভিযোগও উঠেছে।

বুধবার আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাগুলো সীমান্তবর্তী তিনটি প্রদেশকে লক্ষ্য করে চালানো হয়েছে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন।

তবে এই হামলা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা চৌকিতে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ছয় নিরাপত্তা সদস্য নিহত হন। পাল্টা অভিযানে আট হামলাকারী নিহত হওয়ার দাবি করে পাকিস্তান কর্তৃপক্ষ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পেশোয়ারে নিহতদের জানাজায় অংশ নিয়ে জঙ্গিবিরোধী অভিযান আরও জোরদার করার ঘোষণা দেন।

গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। ফেব্রুয়ারিতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর থেকে সংঘাত আরও তীব্র হয় বলে বিভিন্ন সূত্র জানায়।

মার্চ মাসে আফগানিস্তান দাবি করে, একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। তবে পাকিস্তান সে দাবি অস্বীকার করে জানায়, তারা কেবল একটি অস্ত্রাগার লক্ষ্য করেছিল।

চীনের মধ্যস্থতায় কয়েক মাস আগে দুই দেশের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে সংঘাত থামেনি।

বিশ্লেষকদের মতে, সীমান্ত উত্তেজনা এবং উগ্রপন্থী গোষ্ঠী নিয়ে পারস্পরিক অভিযোগের কারণে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক এখন আবারও চরম অনিশ্চয়তার মুখে।

তাসনিম হোসেন