মার্কিন-ইরান সমঝোতা মানতে আমরা বাধ্য না: ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০১:২৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গিলা গামলিয়েল। তিনি স্পষ্টভাবে বলেছেন, নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে ইসরায়েল।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলের নীতিনির্ধারণী রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েলের সাক্ষাৎকার তুলে ধরা হয়। সেখানে তিনি দেশের অবস্থান ব্যাখ্যা করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার সঙ্গে ইসরায়েল জড়িত নয়।

সাক্ষাৎকারে গামলিয়েল বলেন, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েল তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যাবে। তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও লেবাননে চলমান সামরিক তৎপরতা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তেল আবিবের।

তিনি আরও জানান, দক্ষিণ লেবাননের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, লিতানি নদী ও বোফোর্ট দুর্গসংলগ্ন যেসব এলাকা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইসরায়েলি মন্ত্রী দাবি করেন, সংশ্লিষ্ট অঞ্চলগুলো থেকে হিজবুল্লাহকে পুরোপুরি সরিয়ে দেওয়া এবং তাদের অস্ত্রশক্তি নিষ্ক্রিয় না করা পর্যন্ত স্থানীয় বাসিন্দাদেরও সেখানে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, এ অবস্থান লেবাননের ভেতরে দীর্ঘমেয়াদি নিরাপত্তা বলয় তৈরির ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতার পরও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যে জটিল রয়ে গেছে, সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে।

 
 

তাসনিম হোসেন