যমুনায় গোসলে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৭:২০ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে দুপুরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়।

নিহতরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের ক্ষুদ্র কাটেঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১) এবং টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্র শিমুল) গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১৩)। তারা দুজনই জজিরা মদিনাতুল উলুম কওমীয়া ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান জানান, ওইদিন সকালে আরিফুল, জুনায়েদ ও আরেক ছাত্র হাসিবুল্লাহ একসঙ্গে নদীতে গোসলে নামে। এ সময় নদীর স্রোতের টানে আরিফুল ও জুনায়েদ ডুবে যায়, তবে হাসিবুল্লাহ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

পরে স্থানীয় জেলেরা জাল ফেলে দুপুর ১২টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তাসনিম হোসেন