অপারেশন সিঁদুরে নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত সরকার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ দায়িত্ব পালনকালে নিহত ছয় সেনাসদস্যের নাম প্রথমবারের মতো প্রকাশ করেছে দেশটির সরকার। এই তালিকায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজন সদস্য রয়েছেন।

সরকারি ঘোষণা অনুযায়ী, নিহতদের নাম জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে সংরক্ষণ করা হবে। নয়াদিল্লির এই স্মৃতিসৌধে দেশের জন্য আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের নাম, পদবি ও পরিচয় খোদাই করে রাখা হয়।

প্রকাশিত তালিকায় রয়েছেন— সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের বিভিন্ন সামরিক অভিযানে নিহত সেনাসদস্যদের পূর্ণ তালিকার অংশ হিসেবেই প্রথমবার এই ছয়জনের নাম প্রকাশ করা হয়েছে।

জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ‘ত্যাগ চক্র’ অংশে স্বাধীনতার পর থেকে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সেনাসদস্যদের নাম সংরক্ষণ করা হয়। সেখানে এবার যুক্ত হচ্ছে অপারেশন সিঁদুরে নিহত এই ছয়জনের নাম।

ভারতীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ মে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে কথিত সন্ত্রাসী ঘাঁটিতে অভিযান চালায় ভারত, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।

পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে পাল্টা হামলা, ড্রোন ব্যবহার এবং সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে, যা কয়েক দিন স্থায়ী ছিল।

ভারতীয় কর্তৃপক্ষের ব্যাখ্যায়, ‘সিঁদুর’ নামটি প্রতীকীভাবে নেওয়া হয়েছিল, যা ঐ ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি আবেগ ও প্রতিশোধের বার্তা বহন করে।

 

তাসনিম হোসেন