পশ্চিমাদের একমাত্র অবদান সহিংসতা আর লুটতরাজ: খামেনির উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি বলেছেন, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার মূল ভিত্তি হলো হরমুজ প্রণালি, যা শতাব্দী ধরে ইরানের ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভেলায়াতি বলেন, উপসাগরীয় আরব দেশগুলো ইরানের কাছে ঋণী, কারণ হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের ইরানি ব্যবস্থাপনার কারণে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় ছিল। তার দাবি, পশ্চিমা শক্তিগুলো এই অঞ্চলে প্রবেশের পর লুটপাট ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে ছোট ও দুর্বল কৌশলগত খেলোয়াড়দের জন্য কোনো জায়গা থাকবে না এবং তাদের ভবিষ্যৎ টিকে থাকা তেহরানের অবস্থানের ওপর নির্ভরশীল।

ভেলায়াতি উপসাগরীয় দেশগুলোর কিছু অবস্থানকে উদ্দেশ্য করে সতর্ক করে বলেন, এসব বক্তব্যে প্রভাবিত না হওয়ার আহ্বান জানানো উচিত।

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরান নির্ধারিত রুট অনুসরণ করলেই কেবল নিরাপদভাবে এই কৌশলগত পথ অতিক্রম করা সম্ভব হবে।

তাসনিম হোসেন