ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পুলিশের দাবি, বাড়িতে রান্না করা ও কাঁচা মাংস পাওয়ার পর তাদের আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার এক তথ্যের ভিত্তিতে পুলিশ একটি বাড়িতে অভিযান চালায়। অভিযোগ ছিল, সেখানে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে।
পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তিন নারী পালানোর চেষ্টা করলে তাদের আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।
ঘর তল্লাশিতে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায় বলে জানায় পুলিশ। উদ্ধার হওয়া মাংসের নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অভিষেক সিং বলেন, গ্রেপ্তার নারীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মাংসটি গরুর এবং এটি রাজ্যের বাইরে থেকে আনা হয়েছিল। তবে বিষয়টি যাচাইয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় ওই নারীদের স্বামী ও এক আত্মীয়ের খোঁজে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া তদন্তে মাংসের উৎস এবং পরিবারের আগের কার্যক্রম নিয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।