চীনের সিচুয়ানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০২:১৬ পিএম

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাত ১২টা ১২ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইবিন শহরের গাওশিয়ান কাউন্টিতে ভূগর্ভের প্রায় ৬ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৮ দশমিক ৫০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৪ দশমিক ৬৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় ১৩ জন সামান্য আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি উপদ্রুত এলাকা থেকে ১৯৬ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইবিন ভূমিকম্প ত্রাণ কমান্ড সদর দপ্তরের তত্ত্বাবধানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে ভূমিকম্পের পরপরই চীনের ভূমিকম্প প্রশাসন জরুরি ভিত্তিতে তৃতীয় স্তরের জরুরি প্রতিক্রিয়া কার্যকর করেছে, যাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং ক্ষয়ক্ষতি মোকাবিলা করা সম্ভব হয়।

তাসনিম হোসেন