যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৩:২১ পিএম

অর্থনীতিকে মুষ্টিমেয় মানুষের হাত থেকে বের করে এনে সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক কাঠামো গড়াই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনার ওপর বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট একটি জীবনবান্ধব বাজেট হিসেবে প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, সরকারের দৃঢ় সদিচ্ছার কারণে বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়নি। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও একটি কার্যকর নীতির মাধ্যমে তা মোকাবিলা করার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন অগ্রযাত্রা বিবেচনায় নিয়ে বড় বাজেট দেওয়া হয়েছে। জনগণের আস্থাকে সম্মান জানিয়ে সরকার দায়িত্ব পালন করছে।

তারেক রহমান বলেন, বাজেটের মূল লক্ষ্য অর্থনীতিকে পুনরায় শৃঙ্খলায় আনা, বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। এর মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ ধীরে ধীরে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখছে এবং বৈষম্যহীন সমাজ গঠনের পথে সরকার অগ্রসর হচ্ছে।

তাসনিম হোসেন