অধিকৃত পশ্চিম তীরের বীরজিট বিশ্ববিদ্যালয়ে আকস্মিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রামাল্লার কাছে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েলি সেনারা জোরপূর্বক প্রবেশ করে।
প্রতিবেদনে আরও বলা হয়, সেনারা শারীরিক শিক্ষা অনুষদের ভবনে ঢুকে ভাঙচুর চালায় এবং আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি এবং নির্ধারিত সময়েই সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারা ভাঙচুরের কিছু ছবিও প্রকাশ করেছে।
এটি প্রথম ঘটনা নয়; এর আগেও বিভিন্ন সময়ে বীরজিট বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার, হামলা ও নথিপত্র জব্দের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র ও সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত এবং হাজার হাজার মানুষ আহত ও গ্রেপ্তার হয়েছেন।
ফিলিস্তিনিদের আশঙ্কা, এ ধরনের ধারাবাহিক অভিযান পুরো পশ্চিম তীরের নিয়ন্ত্রণ পরিবর্তনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে, যা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও জটিল করে তুলবে।