ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের চরম ব্যস্ততার মাঝেও মাঠের বাইরের এক মানবিক ঘটনায় খবরের শিরোনামে এলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর সমবেদনা ও আবেগঘন বার্তা পাঠিয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি অধিনায়ক। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খোঁজে দিশেহারা মানুষদের প্রতিও তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন।

শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'গ্রাউন্ড নিউজ'-এর এক প্রতিবেদন থেকে ফুটবল মহাতারকার এই মানবিক বার্তার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে, গত ২৬ জুন ভেনেজুয়েলায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ও প্রলয়ংকরী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে প্রথম কম্পনটির মাত্রা ছিল ৭.২ এবং এর মাত্র ৪০ সেকেন্ড পর আঘাত হানা দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৭.৫। সবশেষ তথ্য অনুযায়ী, এই জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে প্রায় ৩ হাজারে গিয়ে ঠেকেছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও বহু মানুষ।

ভেনেজুয়েলার ইতিহাসের অন্যতম এই ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়ের পর দেশটির সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চলমান বিশ্বকাপের ব্যস্ত শিডিউলের মধ্যেও ভেনেজুয়েলার জনগণের দুঃখ-দুর্দশা ছুঁয়ে গেছে তাকে।

ভেনেজুয়েলাবাসীর প্রতি সংহতি জানিয়ে মেসি বলেন, "আমি ভেনেজুয়েলার প্রত্যেকটি মানুষের প্রতি আমার অন্তহীন ভালোবাসা ও সহমর্মিতা পাঠাতে চাই। আমরা সবাই বুঝতে পারছি তারা এখন কতটা কঠিন ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আমি এবং আমাদের পুরো দল এই সংকটের সময়ে তাদের প্রতি সর্বোচ্চ সমর্থন ও সংহতি জানাতে চাই।"

ভূমিকম্পের পর যারা নিজেদের আপনজনদের হারিয়েছেন কিংবা এখনো ধ্বংসস্তূপের মাঝে প্রিয় মানুষদের খুঁজছেন, তাদের সেই মানসিক যন্ত্রণার কথা স্মরণ করে আর্জেন্টাইন এই জাদুকর বলেন, "যারা এই মুহূর্তে তীব্র কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, যারা নিজেদের স্বজনদের খোঁজ না পেয়ে চরম অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন, আমি তাদের সবার পাশে আছি।"

বিপর্যয় কাটিয়ে উঠতে ভেনেজুয়েলার মানুষকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানিয়ে মেসি তার বার্তার শেষে বলেন, "এখান থেকে ভেনেজুয়েলার প্রতিটি নাগরিকের জন্য রইল ঘুরে দাঁড়ানোর শক্তি, সাহস এবং অনেক অনেক ভালোবাসা।"

তাসনিম হোসেন