ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির জানাজার নামাজ আজ রোববার (৫ জুলাই) রাজধানী তেহরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা 'তাসনিম নিউজ এজেন্সি' জানিয়েছে, সর্বোচ্চ নেতার পাশাপাশি একই দুর্ঘটনায় নিহত তাঁর পরিবারের আরও চারজন সদস্যের জানাজাও আজ একই সঙ্গে আদায় করা হবে।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিদায়ী এই ধর্মীয় নেতার জানাজার নামাজ রাজধানী তেহরানের ঐতিহ্যবাহী 'ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায়' অনুষ্ঠিত হবে। এর আগে, শনিবার থেকেই খামেনির মরদেহ সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের জন্য এই গ্র্যান্ড মোসাল্লা চত্বরে রাখা হয়েছিল। তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জানাজার নির্ধারিত সময় শুরু হওয়ার কয়েক ঘণ্টা পূর্বেই পুরো মোসাল্লা প্রাঙ্গণ ও এর চারপাশের রাস্তাঘাট লাখ লাখ শোকার্ত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
রাষ্ট্রীয় এই শেষ বিদায় অনুষ্ঠানের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেছে ইরান সরকার। তেহরানের জানাজা শেষে সোমবার (৬ জুলাই) রাজধানী তেহরানে এবং মঙ্গলবার (৭ জুলাই) ইরানের অন্যতম পবিত্র শহর কোমে বিশাল শোকযাত্রা ও স্মরণসভার আয়োজন করা হবে।
এরপর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আয়াতুল্লাহ খামেনির মরদেহ প্রতিবেশী দেশ ইরাকের পবিত্র নগরী নাজাফ এবং কারবালায় নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ ও শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে আরও কয়েকটি বিদায়ী আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হবে। ইরাকের আনুষ্ঠানিকতা শেষে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) মরদেহ পুনরায় ইরানের ঐতিহ্যবাহী মাশহাদ শহরে ফিরিয়ে আনা হবে এবং সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হবে।