ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি প্রথমবারের মতো সেতু, রেলস্টেশন, বিদ্যুৎকেন্দ্র ও বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পরিচালিত এসব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনীর হামলায় ইরানের অন্তত তিনটি সেতু, একটি রেলস্টেশন, একটি বিদ্যুৎকেন্দ্র ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান অভিযান চালানো হয়।
আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই লেঙ্গেহ, বন্দর-ই খামির ও বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও বিদ্যুৎকেন্দ্র হামলার শিকার হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দর ধ্বংস হয়েছে। কিশ দ্বীপে বিমান অভিযানের কারণে কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটও দেখা দেয়।
এর মধ্য দিয়ে ইরানে মার্কিন সামরিক অভিযানের টানা ষষ্ঠ দিন পূর্ণ হলো। এর আগে ১৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, ইরান শান্তিচুক্তিতে রাজি না হলে সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে। সেই ঘোষণার দুই দিনের মাথায় ইরানের একাধিক বেসামরিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।